জঙ্গি হামলার আশঙ্কায় বড়দিনের মধ্যরাতের গণজমায়েতের আনুষ্ঠানিকতা বাতিল করেছে দিনাজপুরের বেশ কয়েকটি চার্চ। খ্রিস্টান ধর্মযাজকদের ক্রমাগত হুমকির মুখে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে তারা।
দিনাজপুরের বিশপ সেবাস্তিয়ান টুডু ভয়েস অফ আমেরিকাকে বলেন, দিনাজপুরের বেশ কয়েকটি চার্চের ধর্মযাজক গত কয়েক সপ্তাহে মৃত্যু হুমকি পেয়েছেন। পুলিশ আমাদের যতটা সম্ভব সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাই এই জেলার কোনো চার্চে মধ্যরাতে গণজমায়েত না করার সিদ্ধান্ত হয়েছে। দিনাজপুরে গত মাসে একজন ইতালিয়ান ধর্মযাজককে গুলি করা হয়। নিরাপত্তার আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার বড়দিনের আগের প্রার্থনা বিকাল চারটায় শুরু করে সন্ধ্যার আগেই শেষ করে দেয়া হয়।
এছাড়া খ্রিস্টান নেতারা জানিয়েছেন, দেশজুড়ে থাকা এই ক্ষুদ্র কমিউনিটির সদস্যরা বড়দিনের মধ্যরাতের জমায়েতে জঙ্গি হামলার ভয়ে আসতে চাচ্ছেন না। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, সব চার্চের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে জঙ্গি হামলার আশঙ্কাটা অমূলক নয়। বড়দিনে সব চার্চে অনেক বেশি পুলিশ জমায়েত করা হচ্ছে।
বাংলাদেশে মোট জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিস্টানরা। গত সেপ্টেম্বরের পর থেকে দুই ধর্মযাজকের উপর হামলা হওয়ার পাশাপাশি ২৮ জনকে মৃত্যুহুমকি দেয়া হয়েছে।
