মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৪
 
রাজধানীর মিরপুর ১ নম্বরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। মামলায় তিন জেএমবি সদস্য ও অজ্ঞাত পরিচয় আরো চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
 
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন জানান, ডিবির পরিদর্শক মো. শফিউদ্দিন শুক্রবার দুপুরে শাহ আলী থানায় এই মামলা দায়ের করেন।
তবে ঐ বাড়ি থেকে আটক বাকি চারজনকে এ মামলায় আসামি দেখানো হয়নি বলে জানান তিনি। 
 
বৃহস্পতিবার মিরপুরে নিষিদ্ধ জেএমবির আস্তানা থেকে প্রায় ১৪ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড উদ্ধার ও গ্রেনেড তৈরির একটি কারখানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক, ১৬টি হ্যান্ড গ্রেনেড, ১৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি পাইপ বোমা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে জেএমবির তিন শীর্ষ নেতাসহ সাতজনকে আটক করা হয়। আটককৃতদের বিস্তারিত পরিচয় গোপন রাখা হয়েছে।
 
ডিবির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আস্তানা থেকে সুসাইড স্কোয়াডে ব্যবহৃত বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত মিরপুর-১ নম্বর সেকশনের এ ব্লকের ৯ নম্বর রোডের ৩ নম্বর বাড়ি ঘিরে এই অভিযান চলে। অভিযান চলাকালে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড চার্জ করে। পুলিশও রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে হামলার জবাব দেয়। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে ফেলে জেএমবি’র ঐ সদস্যদের আটক করে। পুলিশ পাশের ফ্ল্যাটের একটি মেসে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে আরো চারজনকে আটক করে।