কুষ্টিয়া সদরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে টাকিমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। নিহত সাইফুল (২৬) ওই গ্রামের সানোয়ার রহমানের ছেলে।
আহতদের মধ্যে ইদবার আলী (৫০) ও আব্দুল মজিদকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। বাকিদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন ও এনাম মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
পুলিশ সুপার বলেন, ‘সকালে এনাম মেম্বারের লোকজন শাহীনের সমর্থক সলিম মোল্লার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সাইফুলসহ আরো কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে তাদের মধ্যে সাইফুলের মৃত্যু হয়।’
পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
