ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সাতক্ষীরা: সোমবার সকালে সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম জ্যোতি (৬)। সে দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও সখিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
রাজবাড়ী:রবিবার রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারের চাতাল এলাকায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম ঈশা (৩)। সে উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের মোঃ চান্দু বিশ্বাসের মেয়ে।
কামারখন্দ (সিরাজগঞ্জ):সোমবার দুপুরে কামারখন্দে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম কুদ্দুস (৭০)। সিরাজগঞ্জ শহর থেকে নলকাগামী একটি বাস ভদ্রঘাট এলাকায় কুদ্দুস রাস্তা পার হওয়ার সময় বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থেলই তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): সোমবার ভোরে ঈশ্বরগঞ্জে বাস চাপায় হেলপার নিহত হয়েছে। ঈশ্বরগঞ্জের উচাখিলা বাজার থেকে ঢাকাগ্রামী যাত্রীবাহী হাবিব পরিবহনের হেলপার মোসলেম উদ্দিন (২৮) উপজেলার শিমুলতলিতে ওই বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। সে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
