রাজশাহীতে আহমদীয়া মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় মামলা হয়েছে। বাগমারা থানা এসআই মো. মাসুদ আলী বাদী হয়ে এই মামলা করেন। বিস্ফোরকদ্রব্য আইনে অজ্ঞাত লোকদের আসামি করে মামলাটি করা হয়েছে।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকার আহমদিয়ার নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুবুল হাসান বলেন, এই ঘটনার পর তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, তাদের মসজিদের ইমাম আবু সাইদ, ওই গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের স্থানীয় কর্মী আশরাফুলের অতিথি শফিকুলকে পাওয়া যাচ্ছে না। শফিকুল অতিথি হয়ে আশরাফুলের বাড়িতে অবস্থান করছিল বলে জানা গেছে।
মাহবুবুল আরো জানান, শুক্রবার আবু সাইদের সঙ্গে কথা হয়েছিল মোবাইলে। তারা তিনজন পুলিশ হেফাজতে আছেন বলে জানান। কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
উল্লেখ্য, রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর চকপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অজ্ঞাত হামলাকারী (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুমার ফরজ নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। মসজিদটিতে আহমদিয়া (কাদিয়ানী) সম্প্রদায়ের লোকজন নামাজ আদায় করেন বলে জানা গেছে।
