বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতো জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন আলহাজ্ব হুসাইন মো. এরশাদের ছোট ভাই সাবেক বাণিজ্য ও বিমানমন্ত্রী জিএম কাদের। আসন্ন সৈয়দপুর পৌর মেয়র নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি ভোট চান। পরে রাত ৮টায় শহরের ১নম্বর রেলগেট কাছে এক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
গণসংযোগসহ ওই পথসভায় আরও উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরীর বড় ভাই মো. শামিম চৌধুরী, কাজী ময়নুল ইসলাম, মেয়র প্রার্থী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, রওশন মাহানামাসহ জাতীয় পার্টির স্থানীয় নেতারা।
পথসভায় জিএম কাদের বলেন, 'দেশের উন্নয়নের কথা ভেবেই জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি করেন। ব্যক্তি স্বার্থে নয়। যে দল পারিবারিক শাসন ব্যবস্থায় রাজনীতি করেন, তারা শুধু নিজের স্বার্থের কথা ভাবেন। পারিবারিক শাসন কর্মের কারণে আজ দেশ অচলের পথে। গণতন্ত্র নেই বললেই চলে। সাধারণ মানুষ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে রায় দিতে পারছে না।' তিনি আরও বলেন, 'দেশে সংখ্যালঘুরা নিরাপদে নেই। আতংকের মাঝেই তাদের বসবাস করতে হচ্ছে। অন্য কোনো দল নয়, সরকারি দলের কারণেই সংখ্যালঘুরা দেশ ছাড়ছেন।' তিনি বলেন, 'ভোটাররা তার দলকে ভোট দিক বা না দিক, সময় ও সুযোগ পেয়ে হিন্দু ও উর্দুভাষীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।'
সবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মো. এরশাদের হাত শক্ত করতে সৈয়দপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মো. জয়নাল আবেদীনকে একটি করে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
