একসঙ্গে তিন সন্তানের জন্ম!

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:৫২

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

পাঁচ সন্তানের পর এবার একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন চরফ্যাশনের গৃহবধূ জ্যোত্সনা বেগম। গত রবিবার নিজ বাড়ি চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধাবাড়িতে একটি পুত্র সন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে রাত ৮টায় এক পুত্র এবং এক কন্যা সন্তান প্রসব করেন তিনি।

প্রসূতি গৃহবধূ নজরুল নগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী। বর্তমানে মা এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডস্থ সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নূর মোহাম্মদ তালুকদারের চিকিত্সাধীন আছেন। তারা সুস্থ আছেন বলে চিকিত্সকরা জানিয়েছেন।

সবুজ মৃধা জানান, তাদের আরো পাঁচটি পুত্রসন্তান আছে। এক সাথে কন্যাসহ দুই পুত্র সন্তান পেয়ে এবার তারা স্বামী-স্ত্রী উভয়ে মহাখুশি।

ডা. নূর মোহাম্মদ তালুকদার জানান, প্রসূতি এবং নবজাতকরা সুস্থ আছে।