নারায়ণগঞ্জ-৩ আসন

অধ্যাপক রেজাউল করিমের সমর্থনে সোনারগাঁও বিএনপির ৩৬ নেতার বিবৃতি

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৩৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নানের পক্ষে চিঠি দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে সোনারগাঁও থানা বিএনপির শীর্ষ নেতারা। এ চিঠির প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিবের কাছে বিবৃতি পাঠিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সমর্থকরা। 

গত সোমবার সোনারগাঁও পৌর এলাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় ঐ চিঠির প্রতিবাদ জানান সোনারগাঁও থানা বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৬ নেতা। পরে তারা বিএনপি মহাসচিবের কাছে বিবৃতি পাঠান। সোনারগাঁও থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর স্বাক্ষরিত ঐ বিবৃতিতে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমকে সমর্থন দেওয়া হয়। 

জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২০ জন। আজ নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।