ইত্তেফাক রিপোর্ট
খিলগাঁও গোড়ানে আব্দুল ওহাব (৪০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত ওহাব পুলিশের সোর্স ছিলেন। গত রবিবার রাতে গোড়ান শান্তিপুর স্কুলের পিছনে মাঠে ঘটনাটি ঘটে।
নিহতের স্ত্রী সুইটি আক্তার জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিমুলেশ্বর গ্রামে। দুই ছেলেসহ তারা স্বামী-স্ত্রী সিপাহীবাগে থাকতেন। রবিবার বিকালে ওহাব বাসা থেকে বের হয়। রাত ১০টার দিকে তাকে কুপিয়ে আহত করার খবর শুনতে পাই। পরে তাকে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তিনি তাকে পান্থপথের একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা তিনি নিশ্চিত নন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আব্দুল ওহাব পুলিশের সোর্স ছিল। এ ঘটনায় তার স্ত্রী মামলা করেছেন। গতকাল সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এক প্রশ্নে তিনি বলেন, পুলিশের সোর্সদের সাথে অনেকের বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। হয়তো সেই রকম কোনো কারণে ওহাবকে হত্যা করা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে খিলগাঁও ইদারকান্দি এলাকা থেকে রুবেল (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভগ্নীপতি শামসুল হক জানান, রুবেল রাজমিস্ত্রির কাজ করত। মাদকাসক্তও ছিল। রবিবার রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হয়। এর কয়েক ঘন্টা পর বাড়ির কিছু দূরেই বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় তার লাশ পাওয়া যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত নন তিনি। খিলগাঁও থানার এসআই রুহুল আমিন লাশের সুরতহাল প্রতিবেদন করেন। এতে তিনি উল্লেখ করেন, রুবেলের মাথার পিছনে থেতলানো ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
