রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:১৯
 
লক্ষ্মীপুরের রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের আনসার বিডিপি ক্যাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে সাড়ে নয়টায় বাস, ট্রলি ও অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
 
নিহত মোশারফ হোসেন রুবেল (২৫) ট্রলির হেলপার। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ফয়েজ আহমেদ (৩৫), ট্রলির ড্রাইভার হেলাল, ও হেলপার ফয়েজ উল্লাহসহ দশজন আহত হন।
 
জানা গেছে, নোয়াখালীর চৌহমুনী থেকে রামগঞ্জগামী জননী নামের একটি বাস থাকা একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির সাথে বাসের সংঘর্ষ হয়। এতে রুবেল ঘটনাস্থলে মারা যান ও ১০ জন আহত হন। আহত ফয়েজ আহমেদ ও ফয়েজ উল্যাহকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রামগঞ্জ সরকারি ও প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে এবং বেপরোয়াভাবে জননী বাস চলাচল ও ২৬টি ব্রিকফিল্ডে অবৈধ তিন শতাধিক ট্রলি চলা বন্ধ করার দাবি জানান। পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
রামগঞ্জ থানার ওসিতোতা মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।