ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মোহাম্মদপুর, কাপ্তানবাজার ও বংশাল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মর্জিনা বেগম ও অজ্ঞাত দুই যুবক। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহত মর্জিনার মেয়ে ফাতেমা জানান, তার মা ভোরে মোহাম্মদপুর বেড়ীবাঁধের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সকরা সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মর্জিনা ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোফাজ্জল হোসেনের স্ত্রী।
এদিকে মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন কাপ্তান বাজারে রাত ১২টার দিকে বাসের ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হন। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল গেঞ্জি ও জিন্স প্যান্ট। বংশাল থানার ওসি সাইদুর রহমান জানান, তাঁতিবাজার মোড়ে ট্রাক ধাক্কায় নিহত হয় ৩৫ বছরের অজ্ঞাত এক যুবক। এই ঘটনায় ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ তিনটি মর্গে রাখা হয়েছে।
