অটোরিকশা গ্যারেজে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২১:১৭
 
সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য ঠেকাতে রাজধানীর অটোরিকশার গ্যারেজগুলোতে অভিযান চালাবে ভ্রমমাণ আদালত। পাশাপাশি ঢাকা,গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় রেজিস্ট্রেশন করা অটোরিকশা কোন অবস্থাতেই রাজধানীতে চলাচল করতে পারবেনা।
 
গত ১৯ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘সিএনজি অটোরিকশা নিয়ে নৈরাজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি তদন্তের জন্য বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে রবিবার বিআরটিএ-এর প্রধান কার্যালয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিআরটিএ-এর পরিচালক (অপারেশন) ও ভাড়া নির্ধারণ কমিটির আহবায়ক মশিউর রহমান।
 
বৈঠকে সিদ্ধান্ত হয়, কোন অবস্থায় নির্ধারিত (৯০০ টাকা) জমার বাইরে অটোরিকশার মালিকরা বেশী টাকা নিতে পারবেন না। আর এটা তদারকির জন্য রাজধানীর অটোরিকাশরার গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান চালাবে ভ্রমমাণ আদালত। পাশাপাশি মিটারের বাইরে অটোরিকশা চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে পারবেনা- এ জন্য পুলিশের ট্রাফিক বিভাগকে কঠোর মনিটরিং করারও নির্দেশ দেয়া হয়।
 
এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার রেজিস্ট্রেশনকৃত অটোরিকশা কোন অবস্থায় রাজধানীতে চলাচল করতে পারবেনা। এসব জেলার জন্য নির্ধারিত রঙ ব্যবহার করতে হবে (গাজীপুরের জন্য খয়েরী, নারায়ণগঞ্জ নেভি ব্লু এবং ঢাকা জেলায় মেরুন)। এসব জেলার অটোরিকশা রাজধানীতে আটক করা হলে ডাম্পিং থেকে তিন মাসের আগে ছাড়া পাবেনা।  এ তিন জেলার অটোরিকশা ঢাকার (বর্ডার এলাকা) পার্শ্ববর্তী টঙ্গীর আব্দুল্লাপুর, যাত্রাবাড়ি, পোস্তগোলায়, হাজারীবাগ বেড়িবাঁধ, বশিলায় এলাকায় অবস্থান করে। এসব এলাকাতেও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে।
 
ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ মোহাম্মদ হানিফ খোকন বলেন, রাজধানীর বাইরে ( তিন জেলা) অটোরিকশা মহানগরীতে চলাচল বন্ধসহ ১০ দফা দাবী দেয়া হয়েছিল সে ব্যাপারে বিআরটিএ-র আশ্বাসের প্রেক্ষিতে আগামী ৩ জানুযারি ডাকা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।