‘রোনালদোর অ্যাওয়ার্ড’ও জিতলেন মেসি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১২:০৮
অসাধারণ একটি বছর কাটানো লিওনেল মেসি একের পর এক বর্ষসেরা পুরস্কার জিতে চলেছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাওয়ার্ড খ্যাত গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি বাগিয়ে নিলেন এই বার্সেলোনা সুপারস্টার।
 
ইতিহাসের একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো লিগ,কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল জেতা বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন লিওনেল মেসি। গোল করা, গোলের সুযোগ তৈরি করা মেসির ঘাড়ে ভর করেই এই অর্জন বার্সার। ইতোমধ্যে ইউরোপিয়ান বর্ষসেরা ও লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এবার জিতলেন দুবাইভিত্তিক গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরার খেতাবটিও। উল্লেখ্য, ২০১১ সালে খেলোয়াড়দের পুরস্কার দেয়া শুরু হওয়ার পরে ২০১৪ পর্যন্ত চার বারই জেতেন রোনালদো। অথচ ২০১১ ও ২০১২ সালে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি যার মধ্যে ২০১২ সালে রেকর্ড ৯১ গোল করেও এই পুরস্কারের জন্য বিবেচিত হননি। এইজন্য অনেকে ব্যঙ্গ করে এই পুরস্কারকে ‘রোনালদোর অ্যাওয়ার্ড’ বলে অভিহিত করতেন। এবার সেই পুরস্কারও নিজের দখল নিলেন তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। 
 
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য পঞ্চম ব্যালন ডি অরটি যেন এখনই মেসির দরজায় কড়া নাড়ছে। মেসির ক্লাব বার্সেলোনা জিতেছে বর্ষসেরা ক্লাবের পুরস্কার। এছাড়া পুরো ক্যারিয়ারের জন্য সম্মাননা জানানো হয়েছে ইতালির আন্দ্রে পিরলো ও ইংল্যান্ডের ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। সেরা এজেন্ট নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো-হোসে মরিনহোর এজেন্ট হোর্হে মেন্দেজ।