নীলফামারীর দুইটি পৌরসভার নির্বাচনে পুলিশের গোয়েন্দা বিভাগ ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩২টি কেন্দ্রের মধ্যে ১৯টি এবং জলঢাকা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের মধ্যে আটটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়।
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, নির্বাচন কমিশনের নির্দেশমতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন পুলিশ অফিসারসহ আটজন পুলিশ সদস্য, আনসার ভিডিপির ১৪ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ২০ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি পাঁচটি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও বিজিবির পাঁচটি মোবাইল টিম টহলে থাকবে।
জেলা নির্বাচন অফিসার জুলহাস উদ্দিন বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, যে নির্বাচনে সৈয়দপুর পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত পাঁচটি নারী আসনে ১৮ জন, ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার পদে ৭২ জন ও জলঢাকা পৌরসভায় মেয়র পদে ছয়, তিনটি সংরক্ষিত নারী আসনে ১৪ জন এবং নয়টি ওয়ার্ডের কাউন্সিলার পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
