সাতক্ষীরার চেম্বার অব কমার্সের পরিচালকসহ আটক ২৫

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১২:১৬
 
সাতক্ষীরায় পুলিশের অভিযানে চেম্বার অব কমার্সের পরিচালক কামরুজ্জামান মুকুলসহ ২৫ জনকে  আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ কামরুজ্জামান মুকুল, জামায়াতের ৩ জন ও  নিয়মিত মামলার ২১ জন আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ থানায় মামলা রয়েছে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ কামরুজ্জামান মুকুলের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে শহরের বড় বাজার এলাকা থেকে মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ কামরুজ্জামান মুকুলকে আটক করা হয়েছে।
 
তার বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগের কথা না জানিয়ে তিনি আরো জানান, তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
তবে অন্য একটি সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুখ খান মিঠুর নির্বাচনী প্রচারণা করার সময় তাকে আটক করা হতে পারে।
 
এদিকে, সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাতভর যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১২জন, কলারোয়ায় চারজন, তালায় কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থেকে একজনকে আটক করে।