ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছে আফগানিস্তান। সাত নম্বরে রয়েছে বাংলাদেশ এবং শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় স্থানে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকার মধ্যে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর সর্বশেষ র্যাংকিং প্রকাশ করে আইসিসি। অন্য দলগুলোর অবস্থানে কোন পরিবর্তন না হলেও পয়েন্ট টেবিলে তাৎপর্যপূর্ণ উত্থান ঘটেছে আফগানিস্তানের।
শুক্রবার সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৯ রানে জয়ী পয়েন্ট টেবিলের দশ নম্বরে উঠে এসেছে আফগানরা। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর আফগানিস্তানের জন্য প্রথমবারের মত সর্বোচ্চ র্যাংকিং। শারজাহতে প্রথম ওয়ানডে’র আগে ২৪ ডিসেম্বর আফগানিস্তান ছিল র্যাংকিংয়ের ১২তম স্থানে। আর জিম্বাবুয়ে ছিল ১০ম স্থানে।
র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি যথারীতি অস্ট্রেলিয়ার। বাংলাদেশের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকে ষষ্ঠ স্থানে রয়েছে ইংল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজ ৪-১ ব্যবধানে জিততে পারলে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে তৃতীয় স্থানটি দখলে নেবে নিউজিল্যান্ড। বাসস।
