ওবায়দুল কাদের হাঁটতে পারছেন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২২:৫৬

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরো উন্নতি হয়েছে। সীমিত পর্যায়ে হাঁটাচলাও করছেন তিনি। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় তাকে আজ মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী গতকাল সোমবার সকালে এ সব তথ্য জানান। ওবায়দুল কাদের গতকাল সকালে তার পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেছেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের পরিবারের সদস্যদের কাছে তার চিকিত্সার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানান।এ সময় তার স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

৬৭ বছর বয়সী কাদের হূদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হূদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়।