নাটোর পৌরসভা নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্যের ছোট ভাই, ভগ্নিপতি ও এক বন্ধু। এরা হলেন, সদর আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর, ভগ্নিপতি আমিরুল ইসলাম জাহান ও বন্ধু আশফাকুল ইসলাম।
এরই মধ্যে একজনকে সাংবাদিক হিসেবে এবং অপর দুইজনকে মানবাধিকার কমিশনের পরিচয়ে পর্যবেক্ষক কার্ড ও চলাচলের জন্য গাড়ির অনুমতি দেয়া হয়েছে।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে নাটোর পৌরসভার বর্তমান মেয়র বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন অভিযোগ করেন, ‘রির্টানিং অফিসারের কাছে একাধিকবার সাগরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করার পরও তাকেই নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।’
অভিযোগে বলা হয়, ‘কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে পর্যবেক্ষক কার্ড ও গাড়ি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। আর এ কারণে নির্বাচনী পরিবেশ বিঘ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।’
নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে তাদের বাদ দেয়ার জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, জেলা আইনজীবী সমিতি ও শহর বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জাসাস নাটোর জেলা শাখার সভাপতি হাবিবুল ইসলাম হেলাল এবং জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতিকুল রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
