জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমে দেশবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। ভবিষ্যত্ প্রজন্মও এর সুফল ভোগ করবে। গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
চিফ হুইপ বলেন, সরকারের বাজেট যেমন বেড়েছে, তেমনি কর্মপরিধিও বেড়েছে। রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকার ব্যাপক কার্যক্রম শুরু করেছে। এই রূপকল্প বাস্তবায়িত হলে দেশে ব্যাপক পরিবর্তন আসবে। দেশি-বিদেশি বিনিয়োগের ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে। এর ফলে বেকারত্ব দূর হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে এদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারত না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, ছিটমহলের সমাধান হয়েছে, মহাকাশে স্যাটেলাইট উড়ছে, সমুদ্রের তলদেশে আমরা আরেকটা বাংলাদেশ পেয়েছি। শেখ হাসিনার হাত দিয়ে এ কাজগুলো করাবেন বলেই আল্লাহ তাকে বারবার প্রধানমন্ত্রী করছেন।
নিজ নির্বাচনী এলাকা সম্পর্কে লিটন চৌধুরী বলেন, শিবচর ছিল একটি অবহেলিত, নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা। শেখ হাসিনার হাত ধরেই পদ্মায় সেতু নির্মাণ হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে রেললাইনের সংযোগ করে দিয়েছেন। আশা করি শেখ হাসিনার হাত ধরে শিবচরের বড় সমস্যা— নদী ভাঙনেরও সমাধান হবে। পদ্মা সেতু চালু হলে সেখানে দরকার হবে শিক্ষা নগরী ও স্বাস্থ্য নগরী। পদ্মা সেতু চালু হবার পর শিবচরকে সেভাবেই গড়ে তোলা হবে।
