মানিকগঞ্জে জাল ভোটের মহোৎসব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৪
মানিকগঞ্জে ভোট গ্রহণের নির্ধারিত সময় সকাল ৮টায় হলেও মানিকগঞ্জের শহীদ তিতুমীর একাডেমীর (নিচতলার) ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। কেন্দ্র দখলে নিয়ে অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে ব্যাপক জাল ভোট শুরু হয়। সকাল ৯টার দিকে এই কেন্দ্রের ভেতরে মারপিটের ঘটনা ঘটে। 
 
স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিমের এজেন্টদের এই কেন্দ্রে ঠুকতেই দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে একই স্টাইলে জাগীর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি ওই কেন্দ্রটি দখল করে নেয়া হয় বলে জানা গেছে। এ সময় স্বতন্ত্র ও বিএনপির মনোনীত পোলিং এজেন্টদেরও মারপিট করে বের করে দেয়ার ঘটনা ঘটে।
 
স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম ও বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু অভিযোগ করেছেন, সরকারি দলের প্রার্থী রমজান আলীর পক্ষে অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে জাল ভোট কেটে নিচ্ছে। প্রশাসনের কাছে তারা মৌখিক অভিযোগ করেও এই জাল ভোট গ্রহণ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়া তারা হতাশা ব্যক্ত করেছেন।
 
এদিকে প্রার্থীদের হাতে ধৃত জাল ভোটার সাইফুল ইসলাম জানান, নৌকার পক্ষে ভোট দেয়ার জন্য তাকে আনা হয়েছে। তার বাড়ি পৌর এলাকার বাইরে।
 
স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম আরও জানান, সকাল ৮টার আগেই নৌকা প্রতীকের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয়। সেই সঙ্গে কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরও বের করে দেয়া হয়।
 
বিএনপির প্রার্থীরা নাসির উদ্দিন যাদু অভিযোগ করে বলেন, '১৪-১৫ বছরের কিশোরদের ভোটার হিসেবে দাড় করিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে।'
 
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক জানান, 'আমি ভোট গ্রহণে ব্যস্ত, বাইরে কী হচ্ছে তা আমি জানি না। মানিকগঞ্জ পৌরসভায় মোট ২৫ টি কেন্দ্রে ভোট চলছে।'