ভারতে আগামী ১১ এপ্রিল থেকে সাত দফায় লোকসভা ভোট শুরু হচ্ছে। এবার ইভিএমে প্রার্থীর ছবিসহ কিছু বিষয় নতুন করে অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে প্রার্থীদের সম্পদের হিসাবে সবচেয়ে বেশি কড়াকড়ি করা হয়েছে। দেশটিতে এবার নতুন ভোটার ৮ কোটি ৪৩ লাখ। এদিকে কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন, বালাকোটে হামলা চালানো হয়েছে কেবল নির্বাচনের জন্য। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পুলওয়ামা হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জঙ্গি নিহত হয়েছে।
বিদেশের সম্পত্তি :যে কোনো ভোটেই প্রার্থী হতে গেলে তার এবং স্ত্রী বা স্বামীর সম্পদের পরিমাণ জানাতে হয় কমিশনকে। তবে সেটা এতদিন ছিল কেবল দেশের সম্পদ। এবার তার সঙ্গে বিদেশের সম্পদের পরিমাণও জানাতে হবে কমিশনকে। পাশাপাশি শুধু স্বামী বা স্ত্রী নয়, প্রার্থীর ছেলেমেয়ের সম্পদের নথিও জমা দিতে হবে।
প্রার্থীর ছবি
এর আগে একাধিক রাজ্যে বিধানসভা ভোটে এবং উপ-নির্বাচনে ইভিএমে প্রার্থীর নাম, দলীয় প্রতীক এবং ছবি ব্যবহার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, নির্বাচনে আরো স্বচ্ছতা আনতে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতেই এবার লোকসভা ভোটেও এই ব্যবস্থা চালু হচ্ছে।
ভিভিপ্যাট
সব ইভিএমে ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) ব্যবহার হচ্ছে এই প্রথম। এটি ইভিএমের সঙ্গে যোগ করা আলাদা যন্ত্র। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর ওই যন্ত্র থেকে একটি স্লিপ বেরিয়ে আসবে। অর্থাত্ ভোটার যাকে ভোট দিলেন সেটি সঠিক জায়গায় পড়েছে কি না তা যাচাই করে নেওয়া যাবে স্লিপ থেকে। সেটি হাতে নেওয়া যাবে না। স্বচ্ছ কাচের ভিতর দিয়ে ৬ সেকেন্ডের জন্য দেখা যাবে। তারপর স্বয়ংক্রিয় ব্যবস্থাতেই সেটি পড়বে নীচে রাখা বাক্সে। ভোটারের ক্ষেত্রে যেমন যাচাই করা সুবিধা হবে, তেমনই গণনার সময়ও ইভিএমের ফলাফল এবং ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হবে। অর্থাত্ কোন দল কত ভোট পেল সেটা ইভিএমে দেখাবে। তারপর ভিভিপ্যাটের স্লিপেও সেই সংখ্যা মিলছে কি না তা দ্বিতীয়বার নিশ্চিত করা যাবে।
জিপিএস
ইভিএমে ভোট গ্রহণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছে। আরো স্বচ্ছ করতে প্রথমবারের জন্য জিপিএস প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। যেখানেই ইভিএম নিয়ে যাওয়া হোক তা মনিটর করা হবে জিপিএস প্রযুক্তির মাধ্যমে। এছাড়া ভোটার স্লিপ নিয়েও নতুন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এবার একজন প্রার্থী সর্বোচ্চ ভারতীয় মুদ্রায় ৭০ লাখ টাকা খরচ করতে পারবেন। তবে অরুণাচল প্রদেশ, গোয়া এবং সিকিমের ক্ষেত্রে এই খরচের সর্বোচ্চ সীমা ৫৪ লাখ টাকা।
‘কেবলই নির্বাচনের জন্য’
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন, পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানো হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। বিজেপি জয়ের জন্য এই হামলা চালিয়েছে। বিরোধী দলগুলো হামলা এবং হতাহতের প্রমাণ চাইলেও সরকার সেটি দিচ্ছে না। এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পুলওয়ামায় জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৬ জন জয়শ-ই-মো?হাম্মদের সদস্য। এছাড়া গতকাল এক অভিযানে পুলওয়ামা হামলার অন্যতম পরিকল্পনাকারী মুদাসির আহমেদ খান নিহত হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা
