ডাকসু নির্বাচনকে ‘আরেক জাতীয় সংসদ নির্বাচন’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডাকসু ইস্যুতে ছাত্রদের দাবিকে সমর্থন জানাচ্ছে ঐক্যফ্রন্ট। জাতীয় নির্বাচনের পর ঢাকসু নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে প্রমাণিত হলো যে, গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে। দীর্ঘ ২৮ বছর পর ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ নির্বাচন নিয়ে সর্বমহলে এক ধরনের আগ্রহ ছিল। সারা দেশের ছাত্রসমাজ জেগে উঠেছিল; কিন্তু আমরা দেখলাম, ৩০ ডিসেম্বরের নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটল। সারা দেশের শিক্ষার্থীরা ছাত্রলীগের গুণ্ডামি দেখল।
গতকাল সোমবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ। সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, দেশজুড়ে এখনো ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে সেগুলোর প্রত্যাহার করে নেতাকর্মীদের হয়রানি না করার আহ্বান জানাচ্ছি।
সুলতান মনসুর প্রসঙ্গ:৭ মার্চ জাতীয় সংসদে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা ঐক্যফ্রন্টের এমপি সুলতান মোহাম্মদ মনসুরের বিষয়ে ফখরুল বলেন, ঐক্যফ্রন্ট ও গণফোরামের দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি শপথ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছেন।
