রেহেনা প্রমাণ করেছেন নারীরাই সংসারকে আলোকিত করার কারিগর

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:৪৮

গ্রামের সহজ সরল মেয়ে রেহেনা আক্তার। বাবার সংসারে অভাব-অনটনের মধ্যে বড় হয়েছেন। তাই শৈশব থেকেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল তার। ছিল নিজের পায়ে দাঁড়ানোর এক অদম্য স্পৃহা। স্বামীর সংসারে এসে অক্লান্ত পরিশ্রম করে আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন আত্মপ্রত্যয়ী এই নারী। আজ তিনি একটি গরুর খামারের মালিক। খামারের আয়ে তার সংসারে সচ্ছলতা এসেছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের নূরুল আমিনের স্ত্রী রেহেনা আক্তার (৩৮) তার আজীবনের লালিত স্বপ্নকে আজ বাস্তবে রূপায়িত করতে সক্ষম হয়েছেন। দারিদ্র্যতা ও অভাবের কাছে কখনো হার মানেননি। তিনি প্রমাণ করেছেন- নারীরাই সংসারকে আলোকিত করার কারিগর।

জানা গেছে, লেখাপড়া করা অবস্থাতেই বিবাহ হয়ে যায় রেহেনার। স্বামী নূরুল আমিন প্রবাসে থাকেন। একসময়ে সংসারে অভাব লেগেই থাকতো। সংসারে সচ্ছলতা আনতে রেহেনা গরুর খামার করার সিদ্ধান্ত নেন। তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শ মতে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে প্রথমে ২টি দুধেল গাভী ক্রয় করেন। বছরখানেকের মধ্যে গরুর সংখ্যা ৪টিতে দাঁড়ায়। সংসারের অন্য কাজের  ফাঁকে ফাঁকে  গরুর লালন-পালন করতে থাকেন রেহেনা। বর্তমানে তার খামারে ৫টি দুধেল গাভীসহ ১৪টি গরু রয়েছে। দুধ বিক্রি করে গরুর খাবার কেনার পরও বাড়তি কিছু আয় হতে থাকে তার। পুরোদমে খামার চালুর পর রেহেনা দুধ উত্পাদনের পাশাপাশি গরু মোটাতাজাকরণের জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা তাকে যথেষ্ট সহায়তা করেন। খামারের বিভিন্ন সমস্যায় মাঝে মাঝে হতোদ্যম হয়ে পড়লেও স্বামীর উত্সাহে এগিয়ে যাওয়ার শক্তি পান রেহেনা।

রেহেনা আক্তার জানান, বর্তমানে দৈনিক তার খামারে ৫০ থেকে ৬০ লিটার দুধ বিক্রি হয়। গরুর সম্পূর্ণ লালন-পালন করেন তিনি নিজে। কেবল দুধ দোয়ানোর জন্য একজন কর্মচারী রয়েছে। পাইকাররা বাড়িতে এসে দুধ নিয়ে যায়। গরুর খামারকে আরো বড় করার জন্য কাজ করছেন তিনি।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, রেহেনা আত্মপ্রত্যয়ী একজন নারী। তিনি একজন সফল খামারি হিসেবে সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমরা প্রাণিসম্পদ অফিস থেকে তাকে সকল প্রকার সহযোগিতা করে থাকি।

খামারের পাশাপাশি রেহেনা তার বাড়িতে খেজুর, বড়ই ও লিচু গাছের বাগানও গড়ে তুলেছেন। সব ধরনের ফলের বাগান করার ইচ্ছা আছে বলেও জানালেন সাহসী এই নারী।