মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাদকসেবীরা নিজেরাই নিজেদেরকে খুন করে। এই ভয়াবহ আত্মঘাতী প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে হলে মাদকের ব্যবসা বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। ইন্টারন্যাশনাল নারকটিক্স কন্ট্রোল বোর্ড বলেছে বাংলাদেশ উদ্বেগজনকভাবে মাদকের ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যার প্রায় পুরোটাই আসে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে। আর এখান থেকে তা পাচার হয় অন্যান্য দেশে। এই প্রক্রিয়ায় অনেক সময় উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য থেকে যায় আমাদের দেশেই। আর এগুলোই ছড়িয়ে পড়ছে সারা দেশে। এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। মাদকদ্রব্য কোন অবস্থাতেই যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। মাদক পাচারের ট্রানজিট হিসেবে বাংলাদেশ যাতে ব্যবহূত না হয় সেটা নিশ্চিত করতে হবে। সর্বোপরি মাদকাসক্তদের চিকিত্সা যাতে উন্নত ও সহজলভ্য হয় সেদিকে নজর দেওয়া উচিত। পাশাপাশি যারা মাদকে আক্রান্ত তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে। এজন্য পরিবার, বন্ধু, শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার সকালে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় ক্যাম্পাসে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার এ.কে.এম.মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন।
সভায় বক্তারা আরো বলেন, মাদকাসক্তি একটি নীরব ঘাতক। যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। ধ্বংস হয় পরিবার, সমাজ ও দেশ। মাদকাসক্তদের স্বাস্থ্যহানি ঘটে, জীবনীশক্তি কমতে থাকে, শরীরের ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে পড়ে, আচরণগত সমস্যা দেখা দেয়, মানসিক ভারসাম্য লোপ পায়। এতে কর্মক্ষমতা কমে যায় এবং হতাশা ও অবসাদ ভর করে মানুষের মধ্যে। তাকে ঠেলে দেয় অন্ধকার জীবনে। মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধাবিত হয় ধ্বংসের দিকে। আমাদের দেশে মাদকের আগ্রাসী ছোবল দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকে আক্রান্ত হচ্ছে বেশি। অনেকের জীবনই এতে বিপন্ন হয়ে পড়েছে। এই সমস্যাটি শুধু আমাদের নয়, বলা যায় সারা বিশ্বের। জাতিসংঘের মতে, সারা বিশ্বে বছরে মাদক ব্যবসায়ে লেনদেন হয় প্রায় চারশ বিলিয়ন ডলার। আর এই স্রোতের মতো টাকা কামানোর কারণেই মাদক ব্যবসার সঙ্গে খুন, সন্ত্রাস আর রক্তপাত মিশে আছে।
