নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে শ্রমিকবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সোমবার দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত শ্রমিকের নাম সত্যেরন্দ্র দাস (৫৫)। তিনি ফতুল্লার পাগলা এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর জন্য পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, গত রবিবার রাতে মুন্সিগঞ্জের কুইচ্চামারা ঘাটে বালু তোলার কাজ শেষ করে একটি ট্রলারে ৫০ থেকে ৬০ জন শ্রমিক ফতুল্লার পাগলায় ফিরছিল। ধর্মগঞ্জ এলাকায় ট্রলারটি পৌঁছালে মুন্সিগঞ্জগামী একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়। ওইসময় ৪০ থেকে ৪৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠে পড়ে। রাতে ধারণা করা হয় ১০/১২ জন নিখোঁজ রয়েছে। তবে গতকাল সোমবার সকালে শুধুমাত্র একজন নিখোঁজ থাকার দাবি করেন স্বজনরা। অন্যরা সাঁতরে তীরে উঠে রাতেই বাড়ি ফিরেছে। তাই আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।
