ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী অদ্বৈত মেলা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৯
 
বাংলা ভাষার কালজয়ী ও অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন শুক্রবার। এই উপলক্ষে ২ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলা। তিতাস আবৃত্তি সংগঠন এই মেলার আয়োজন করেছে।
 
১ জানুয়ারি শহরের গোকর্ণঘাট এলাকায় অদ্বৈত জন্মভিটায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ২ জানুয়ারি শনিবার সকাল ১১টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অদ্বৈত মেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
 
অদ্বৈত মেলায় কর্মসূচির মধ্যে থাকবে তার জন্মস্থান গোকর্ণঘাট গ্রামে অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, ব্রাহ্মণবাড়িয়া শহরে উদ্বোধন, ছবি আঁঁকা, আবৃত্তি, লোকগান, লোকনাচ ও অদ্বৈতকে নিয়ে রচনা লিখন প্রতিযোগিতা, প্রতিদিন লোকগান-লোকনাচের আসর, কবি সম্মেলন, আবৃত্তি পরিবেশনা। শেষ দিন সোমবার বিকাল চারটায় এ বছরের জন্য ত্রিপুরার গণমানুষের কবি ও অদ্বৈত গবেষক দিলীপ দাসকে অদ্বৈত সম্মাননা-২০১৬ প্রদান করা হবে। এ মেলায় ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি-বাচিকশিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবে।