ন্যায়বিচার পায়নি, আমি হতাশ: রাজীবের বাবা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:১১
 
গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার রায়ে সব আসামির সর্বোচ্চ সাজা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন। রায়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। আমি হতাশ।’
 
২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।
 
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ বৃহস্পতিবার এ মামলার যে রায় দিয়েছেন, তাতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ এসেছে। এছাড়া মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন কারাদণ্ড, এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছরের কারাদণ্ড, মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর.কমের।