সাতক্ষীরায় নবনির্বাচিত মেয়রের সঙ্গে সাংবাদিকেদের মতবিনিময়ের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ঘণ্টাব্যাপী প্রেসক্লাব ঘেরাও করে রাখে।
শুক্রবার পৌণে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, যুবদল নেতা কামরুজ্জামান কামু, মানিক, মহাসিনসহ ৭জন।
তারা নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য প্রেসক্লাবে আসার সময় প্রেসক্লাব গেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতী জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার জন্য প্রেসক্লাবে ঢুকার সময় পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম ও জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ ৭ নেতা কর্মীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রায় ঘণ্টাব্যাপি পুলিশ প্রেসক্লাব অবরুদ্ধ করে রাখে। তিনি এ সময় অনতি বিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ নিয়মিত মামলা রয়েছে।
