যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে ছিনতাই হওয়া গার্মেন্টস পণ্যবোঝাই একটি কভার্ড ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ সময় একটি ছোরা, একটি কাটার ও দুটি হাতুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সোহেল রানা, মোশারফ মুন্সী ও নবী হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যান ছিনতাই-ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
৭০ হাজার ইয়াবা উদ্ধার : মহানগর পুলিশের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক উদ্ধার করে গোয়েন্দারা। এ সময় সইবুর রহমান ও শামীম আলী নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
