বেলুন উড়িয়ে, কেক কেটে চট্টগ্রামে জাতীয় পার্টি’র (জেপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নেতা-কর্মীরা। নগরীর একটি কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার বিকালে আলোচনা সভা শেষে দলটির জন্মদিন পালন করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর জেপি’র নেতৃবৃন্দ ছাড়াও ১৪ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর জেপি’র আহবায়ক আজাদ দোভাষ বলেন, জেপি জনগণের দল। গত ৩০ বছর ধরে এই দল গণমানুষের জন্যই কাজ করেছে। দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো মারামারি, হানাহানির রাজনীতিতে জেপি বিশ্বাসী নয়। আগামী দিনেও গণমানুষের উন্নয়নের জন্যই জেপি নেতারা কাজ করে যাবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ২৩ বছরের। মওলানা ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শীর্ষ নেতারা এই দীর্ঘ সময় ধরে স্বাধীনতার দিকে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু বর্তমানে কিছু লোক বলে একজন সেনা কর্মকর্তার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এসব অপপ্রচার স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসিক নেতৃত্বের কারণে আজ সারের জন্য কৃষককে আর রাজপথে মিছিল করতে হয় না। মাসের শুরুতেই শ্রমিকরা বেতন পাচ্ছে। সর্বক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম মহানগর জেপির সদস্য সচিব ডা. বেলাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ন্যাপের যুগ্ম সম্পাদক মিটুল দাশ গুপ্ত, মহানগরের মহিলা সভানেত্রী নুরুন্নাহার মিমি, জেপি নেতা এসএম আকাশ, মালেক মৃধাসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতারা বক্তব্য রাখেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ও বেলুন উড়িয়ে জন্মদিন পালন করা হয়।
