আমির ফেরায় খুশি আফ্রিদি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১১:৫৩
বাঁহাতি পেসার মোহাম্মদ আমির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। একই সঙ্গে তিনি বলেছেন সত্য কথা বলার জন্য আমিরকে অবশ্যই দ্বিতীয় সুযোগ দেয়া উচিত। 
 
২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত ২৩ বছর বয়সী আমির দীর্ঘদিন পরে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাধ্যমে পুনরায় পাকিস্তান জাতীয় দলে ফিরে এসেছেন। নিজের টুইটার এ্যাকাউন্টে এ প্রসঙ্গে আফ্রিদী লিখেছেন, আমাদের এখন সামনে এগিয়ে যাবার সময় চলে এসেছে। আমিরের এই ফেরা তারই প্রমাণ। আশা করবো পূর্ণ মনোযোগ ও প্রতিশ্রুতি দিয়ে সে জাতীয় দলের প্রতি অবদান রাখতে পারবে। সে ফেরায় আমি দারুন খুশী।
 
পরে গণমাধ্যমে আফ্রিদি আরো জানিয়েছেন ইংল্যান্ডে তদন্ত কমিটির সামনে প্রথমবারই আমির স্পট ফিক্সিংয়ে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছিল। আর এ ব্যপারে সে ক্ষমাও চেয়েছে।  এই অপরাধে আমিরকে পাঁচ বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। একই সঙ্গে তার জেলও হয়। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে আবারো নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেবার জন্য কঠোর পরিশ্রম করেছেন আমির। 
 
তবে আমিরের এই ফেরা জাতীয় দলের কয়েকজন সতীর্থ খুব একটা ভালে চোখে দেখেননি যার মধ্যে আজহার আলী, মোহাম্মদ হাফিজ অন্যতম। আফ্রিদি অবশ্য সতীর্থ খেলোয়াড়দের এই মনোভাবও আস্থার চোখেই দেখছেন। তার মতে স্পট ফিক্সিংয়ের ঐ ঘটনায় পাকিস্তানী ক্রিকেট দারুন ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আমিরের সততা তাকে দ্বিতীয়বার সুযোগের ক্ষেত্রে সহযোগিতা করেছে। কোর্ট ও পাকিস্তানী জনগনের কাছে আমির সবসময়ই সত্য কথা বলেছে যেখানে তার সাথে অভিযুক্ত অপর দুই খেলোয়াড় দুই-তিন বছর পুরো বিষযটি অস্বীকার করে গেছে। তবে অধিনায়ক হিসেবে আফ্রিদী মনে করেন সাবেক খেলোয়াড়, সমলোচক, ক্রিকেট বিশেষজ্ঞদের এখন আমিরের এই ফেরাকে স্বাগত জানানো উচিত। বাসস।