নওগাঁর রাণীনগরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করার সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কোনো নিয়ম ছাড়াই ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠান বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ আদায় করেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়খোল উচ্চ বিদ্যালয় ও ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের সময় শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ৩০ টাকা এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে ৪০ টাকা করে নেয়া হয়।
অভিযোগের বিষয়ে বড়খোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়া হয়েছে। কারণ নওগাঁ থেকে বইগুলো আনার জন্য পরিবহন খরচ বাবদ এই টাকা নেয়া হয়েছে। এর আগেও নেয়া হয়েছে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। যেহেতু এবার অভিযোগ উঠেছে কাজেই যে টাকা নেয়া হয়েছে তা ফেরত দেয়া হবে।’
বড়খোল গ্রামের অভিভাবক জাহিদ খান জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য প্রধান শিক্ষক বারবার এ রকম সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ারাম সাহা বই বিতরণের জন্য টাকা নেয়ার অভিযোগ মিথ্যে বলে জানান। যে টাকা নেয়া হয়েছে সেটি বই দেয়ার জন্য নয়। সেই টাকা সেশন ফি এবং অন্যান্য ফি বাবদ আদায় করা হয়েছে।
নওগাঁ জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে বই সরবরাহ করছে সরকার। বই দিয়ে টাকা নেয়া একটি বড় অপরাধ। যদি ওই দুই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় গ্রহণ করা হবে।
