ধর্মান্তরিত হওয়ার খবরের নিন্দা তসলিমা নাসরিনের

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৮:৪২
 
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন 'হিন্দুধর্ম গ্রহণ করেছেন' এমন খবরের প্রতিবাদ করেছেন। ধর্মান্তরিত হওয়ার গুজব নিয়ে শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, খবরে দেখলাম আমি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। এর আগে খবর করা হয়েছে আমি নাকি নামাজ রোজা ধরেছি, বোরখা পরছি। কিছুই নতুন নয়। বলছি আমাকে নিয়ে এসব লেখালেখি কিছুই নতুন নয়। পঁচিশ বছর ধরে এসব বদমাইশি চলছে।...'
 
যারা এমন গুজব ছড়াচ্ছে তাদের একহাত নিয়ে তসলিমা লিখেছেন, 'ওরা কারা আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি। ওরা তারাই যারা মনে করে মেয়েমানুষ মজা করার জিনিস, তাদের নিয়ে যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়। আসলে ওদের বড় রাগ আমার ওপর। কেউ কেউ বলে ধর্মটা নিয়ে না লিখলে সব নাকি ঠিক ছিল। ধর্মটা মানে ইসলামটা।'
 
'লজ্জা' উপন্যাসে কথিত 'ধর্মানুভূতিতে আঘাত' দেয়ার অভিযোগ নিয়ে ১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছেন তসলিমা নাসরিন। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন এই এই নারীবাদী লেখিকা। পর্যায়ক্রমে তার ভিসার মেয়াদ বাড়াচ্ছে ভারত সরকার।