আজ বিএনপির সাক্ষাত্কার শেষ

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৪৪

গতকাল দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কারে যথারীতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে স্কাইপে নয়, বিকল্প মাধ্যমে তিনি ভিডিও কনফারেন্সে সাক্ষাত্কার নেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাত্কার দিতে আসা মনোনয়ন প্রত্যাশীরা এসব কথা বলেন।

সকাল ১০টা থেকে চট্টগ্রাম বিভাগের ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে সাক্ষাত্কার শুরু হয়। এই বিভাগের ৩৬টি আসন শেষ করে বিকাল থেকে শুরু হয় কুমিল্লা ২১টি এবং সিলেটের ১৯টি আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ। আজ বুধবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ পর্ব শেষ হবে।

সাক্ষাত্কার নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর রায়সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।