রাজধানীতে জামাতার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৪৫

রাজধানীর গুলশানে জামাতার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতের নাম রওশন আরা (৬৬)। গত সোমবার রাতে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ এ ঘটনায় জড়িত জামাতা ব্যারিস্টার সাইফুল ইসলাম ভুঁইয়াকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ৬ বছর আগে সাইফুলের সঙ্গে আলীয়া ফারজানার (৩৬) বিয়ে হয়। সাইফুল ও ফারজানার সংসারে এক ছেলে, এক মেয়ে রয়েছে। সাইফুলের গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলটুলিতে। তারা গুলশান ২ নম্বর সেকশনের ৩৭ নম্বর রোডের ১৭ নম্বর বাসার ৩০১ নম্বর ফ্ল্যাটে থাকতেন। এ বছরের মাঝামাঝিতে সাইফুলের সঙ্গে ফারজানার পারিবারিক কলহ শুরু হয়।  এসব কারণে আড়াই মাস আগে ফারজানা দুই সন্তানকে নিয়ে স্বামীর বাসা থেকে এসে বাবা-মায়ের সঙ্গে তাদের গুলশানের ভাড়া বাসায় উঠেন। গত সোমবার সকালে সাইফুল তার স্ত্রী নিতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথা-কাটাকাটি একপর্যায় ফারজানাকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। ওই সময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিকিত্কার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এতে তার বাম হাত ভেঙে যায়। ফারজানাও গুরুতর আহত হন। স্বজনরা তিনজনকেই গুলশানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে গত সোমবার রাতে রওশন আরা মারা যান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।