চট্টগ্রাম নগরীর তিনটি মিস্টির দোকানে অভিযান চালিয়ে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।
রুহুল আমিন বলেন, নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন করায় নন্দন কানন এলাকার বোস ব্রাদার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সেখানে গিয়ে দেখা যায়, মিষ্টিতে তেলাপোকা ও মাছি ভাসছে। মিষ্টির রসে ফাঙ্গাস পড়ে গেছে। কারখানার পরিবেশও দুর্গন্ধময়। এছাড়া এনায়েত বাজার এলাকায় রয়েল সুইট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রুহুল আমিন বলেন, এই প্রতিষ্ঠানের অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদনের তারিখ লেখা ছিল না। দুয়েকটি পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ডিসেম্বর ২০১৬ লেখা। অভিযানে সিরাজউদ্দৌলা সড়কের ইকবাল সুইটমিটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মিষ্টিতেও তেলাপোকা ও মাছি দেখা গেছে।
