রাজধানীর শাহবাগে বাস চাপায় বারডেম হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স নিহত হয়েছেন। তার নাম লিলি গোমেজ (৪৫)। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে হোটেল শেরাটন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলি গোমেজ এর স্বামীর নাম নগেন্দ্রনাথ রায়। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার পিঙ্গলাকাঠী গ্রামে।
নিহতের ভাতিজা সুমিত গোমেজ জানান, লিলি গোমেজ বারডেম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। দুপুরে হাসপাতালের ডিউটি শেষে পূর্ব রাজাবাজারের বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ‘বিকল্প অটো’ নামে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
