‘নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শিখতে হবে’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:৪৪
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম নতুন প্রজন্মকে বাংলাদেশ সৃষ্টির সঠিক ইতিহাস শেখানোর উপর গুরুত্বারোপ করে বলেছেন, আমাদের দেশে রাজনীতির কোন দোষ নেই। তিনি বলেন, যারা রাজনীতিকে কলুষিত করছে তা সেসব ব্যক্তির দোষ। মুক্তিযুদ্ধের এতো বছর পরও একটি দল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবিদের নিয়ে বির্তকে লিপ্ত হয়েছে।
 
তারাই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস শিখিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সময় এসেছে নতুন প্রজন্মকে বাংলাদেশ সৃষ্টির সঠিক ইতিহাস শেখানোর।
 
তারানা হালিম মঙ্গলরার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।