ঝিনাইদহে ছাত্র হত্যায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৭:৪০

মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম। এছাড়া ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার দুপুরে এ রায় দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুটখালী গ্রামের মৃত কাশেম আলির ছেলে আতাহার আলি ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমড়াডাঙ্গা গ্রামের আনারুলের ছেলে হাবিবুর রহমান।  এ মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন গ্রামের একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যায়। ওই দিন রাতে সে বাড়ি ফিরে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় না। পরদিন সকালে গ্রামের মাঠে ভূট্টা ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

ইত্তেফাক/জেডএইচ