গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সর্বনান্দ ইউনিয়নের নতুনহাট এলাকায় মঙ্গলবার ট্রাক্টর চাপায় আল-আমিন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় হাসমত মিঞা ও শাহরিয়ার হোসেন নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়।
এরা সবাই উপজেলার রামভদ্র ডিবিএইচ আদর্শ শিশু নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত আল-আমিন পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা কলেজ পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
উপজেলার সর্বনান্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, আল-আমিনসহ আরও দুই শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে ওই এলাকায় একটি ট্রাক্টর পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিন মারা য়ায়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে চবি ছাত্রলীগের হামলা
সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরের চালক নিশাত ইসলামকে পুলিশ আটক করেছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।’
ইত্তেফাক/কেকে
