জীবননগরে জোড়া খুনের ঘটনায় মামলা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৬:৪৭
জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে ১১৬ বিঘা খাস জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। 
 
নিহত মোহাম্মদ আলীর ভাই আবদুস সালাম বাদী হয়ে বুধবার রাতে জীবননগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক মোল্লা ও তার ছেলে একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসাবুল হক মিল্টনসহ ৪২ জনকে আসামি করা হয়েছে।
 
এদিকে পুলিশ ইতিমধ্যেই এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠিয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানিয়েছেন। 
 
ওসি আরো জানান, এ ঘটনাকে কেন্দ্র করে পরবির্তীতে যাতে আর কোনো সহিংস ঘটনা না ঘটে এ জন্য গঙ্গাদাসপুর গ্রামে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। 
 
উল্লেখ্য, ভূমিহীনদের ১১৬ বিঘা জমির দখল নিতে গ্রামের গোলদার গ্রুপ গত ৪ জানুয়ারি রাতে বোমা ও অস্ত্র নিয়ে ভূমিহীনপাড়ায় হামলা চালায়। এ হামলায় মোহাম্মদ আলী (৪৮) ও শাহাবুদ্দিন (৬৫) নামে দুই ভূমিহীন নিহতসহ ৫ নারী-পুরুষ আহত হয়।