ভালোমন্দ কোনো কিছু

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৮:৫৫

 

: ছবিটা তো বেশ হয়েছে! কবে এটা তোলা?—

ব্যান্ড কলারের নীল ছাপা শার্ট, বুকের বোতাম খোলা।

—বাস্তবে, ভাই, চেহারাটা খারাপ নাকি আমার?

: তা বলিনি, ছবিটাতে উঠছে ফুটে গ্ল­ামার।

—সেই তো আবার ঘুরেফিরে একই কথাই হলো।

এনিওয়ে, বয়স তখন পনেরো বা ষোলো। 

: কিশোর বয়স! দেখতে কিন্তু ছিলেন বেজায় ভালো।

—তার মানে কি এখন আমি বিচ্ছিরি আর কালো?

: তা বলিনি, আসলে কী তখন ছিলেন চিকন,

—তার মানে কি এখন আমি হোঁত্কা মোটা—কী কন!

: না মানে কী, দেখতে দারুণ সুইট ছিলেন আগে,

—বর্তমানে দেখতে বুঝি তেঁতুল তেঁতুল লাগে?                           

: আসলে কী, আপনি তখন ছিলেন মোটামুটি,

—এখন বুঝি লিকলিকে এক ইলেকট্রিকের খুঁটি?

: ধুত্তুরি ছাই, ভুল হয়েছে আলাপ করতে এসে,

ভালোমন্দ কোনোকিছুই বলতে নেই এ দেশে।

শুধরে নিলাম, মাপ করে দিন, হাত করেছি জড়ো

আপনি আগে ছোট ছিলেন, এখন আপনি বড়!