‘শুধু ২০ দল নয়, বিএনপি থেকেও বের হওয়ার চেষ্টা চলছে’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৮:৫১
 
শুধু ২০-দলীয় জোট থেকে নয়, বিএনপি থেকেও অনেক নেতা-কর্মী বেরিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি দাবি করেন, ‘বিএনপির বর্তমান নেতৃত্বের ওপর দলটির নেতা-কর্মীদের অনীহা ও আস্থাহীনতাও সৃষ্টি হয়েছে।’
 
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

আবদুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘ইসলামী ঐক্যজোট কী কারণে জোট ছেড়েছে, সেটা এই মুহূর্তে আমরা সঠিকভাবে বলতে পারি না। তবে সাম্প্রতিককালে আমাদের দৃষ্টিতে এসেছে খালেদা জিয়া পেট্রোলবোমা দিয়ে জনজীবন বিপর্যস্ত করেছেন। যেটা আমাদের পবিত্র ধর্ম কখনো সমর্থন করে না। আজকে সেই কারণেই যদি কোনো দল এই অধর্মের কাজ করার জন্য জোট থেকে বেরিয়ে যায়, তাহলে সেটা স্বাভাবিক এবং যৌক্তিক।’