গোপালগঞ্জ ও রংপুর থেকে নির্বাচন করবেন শেখ হাসিনা

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৪৬

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন দুটি হলো— গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাত্ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল তাদের এ তথ্য জানান। গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা দলের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণের প্রথম দিন ৯ নভেম্বর ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। তবে দ্বিতীয় আসন কোনটি সেটি তিনি বলেননি। শুধু বলেছিলন, পরে জানানো হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের পাশাপাশি তার শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জ (রংপুর-৬) আসনে নির্বাচন করে জয়ী হন। পরে তিনি রংপুর-৬ আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে ওই আসনের এমপি হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।