জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের বিশেষ সংবাদদাতা আজিজুল হক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজিজুল হক ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি ১৯৬৫ সালে অধুনালুপ্ত দি মর্নিং নিউজে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশায় কর্মজীবন শুরু করেন। ১৯৭৬ সাল থেকে তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকায় ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার দুপুরে মরহুমের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সদস্য সাইফুল আলম এবং মরহুমের ছোটভাই এহসানুল হক বাবু বক্তব্য রাখেন।
জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ক্লাব সদস্য জাহিদুজ্জামান ফারুক, আতাউর রহমান, গোলাম মহিউদ্দিন খান, আলতাফ মাহমুদ, ওমর ফারুক, খোন্দকার মহিতুল ইসলাম, গিয়াস উদ্দিন আহমেদ এবং খন্দকার রাশিদুল হক নবাসহ অনেক সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব জানাজায় শরীক হন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
