খালেদার সঙ্গে সাক্ষাত ইসলামী ঐক্যজোটের ‘নতুন নেতৃত্বের’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২২:৪৪
চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোট ছাড়ার ঘোষণা দেয়ার পর নিজেকে ইসলামী ঐক্যজোটের ‘নতুন চেয়ারম্যান’ ঘোষণাকারী মাওলানা আবদুর রকিব বৃহস্পতবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ।
 
বৃহস্পতিবার রাতে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার কার্যালয়ে তার হাতে ফুল তুলে শুভেচ্ছা জানান তিনি। তার আগে বিকেলে সেখানে সংবাদ সম্মেলন করে রকিব নিজেকে ইসলামী ঐক্যজোটের নতুন চেয়ারম্যান হিসেবে দাবি করেন।
 
বিএনপির দীর্ঘদিনের এই জোটসঙ্গী দলটির চেয়ারম্যান লতিফ নেজামী দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সম্মেলনে ২০ দলীয় জোট ছেড়ে আলাদাভাবে চলার ঘোষণা দেন।
 
তারপরই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান রকিব। তারপর রাত ৯টায় ‘নতুন মহাসচিব’ আবদুল করীম খানসহ কয়েকজন নেতাকে নিয়ে খালেদার সঙ্গে বৈঠক করেন তিনি।