জাতীয় মেডিক্যাল
বিতর্ক উত্সব
সম্পন্ন
মোস্তাফিজুর রহমান মঞ্জু
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উত্সবের আমেজে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী সপ্তম জাতীয় মেডিক্যাল বিতর্ক উত্সব। ‘হূদয়ে আমার যুক্তির হাওয়া, মুক্তি চিরদিন, শ্লোগানে মুক্ত চেতনা, যুক্তিনির্ভর এবং পরমতসহিষ্ণু সমাজ নির্মাণে বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজের যৌথ আয়োজন এবং বিআরবি হসপিটালস লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় ইউনিমেড-ইউনিহেলথ সপ্তম জাতীয় মেডিক্যাল বিতর্ক উত্সব গতকাল শনিবার সম্পন্ন হয়।
এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৪১টি মেডিক্যাল কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশ নেন ৪৬টি বিতর্ক দল, ৩৮টি কুইজ দল ও ৭৫টি পাবলিক স্পিকিং দল। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বরিশাল মেডিক্যাল কেলেজ ও সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ দল ধাপে ধাপে এগিয়ে ফাইনাল রাউন্ডে উঠে। সমাপনী দিনে শহরের দিশা টাওয়ারের হলরুমে বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের আদলে ফাইনাল রাউন্ডের বিকর্ত অনুষ্ঠিত হয়। “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আইন করে বিদেশে চিকিত্সা বন্ধে আইন পাসের পক্ষে-বিপক্ষে দুই দলের মধ্যে ঘণ্টাব্যাপী চলে বিতর্ক। এতে সরকারি দলের পক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জোবায়ের বিন জাবির (প্রধানমন্ত্রী), অপূর্ব অহম (স্বাস্থ্যমন্ত্রী) ও জান্নাতুল মাওয়া (কুষ্টিয়া সদর আসনের এমপি) এবং বিরোধী দলের পক্ষে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল শিক্ষার্থী রাইয়ান ইশরাক দীপন (বিরোধী দলীয় সংসদ নেতা) সজিবুর রহমান নয়ন (বিরোধী দলীয় উপনেতা) ও বেদেরা সাবির ধারা (চট্টগ্রাম-২ আসনের এমপি) আইন পাসের পক্ষে-বিপক্ষে ছায়া সংসদে তাদের যুক্তি তুলে ধরেন। এতে স্পিকারের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব। পাঁচ সদস্যের পর্যবেক্ষক প্যানেলের বিচার-বিবেচনায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের বিতার্কিক দলকে চ্যাম্পিয়ন ও সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ দলকে রানার্স-আপ ঘোষণা করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় খুলনা মেডিক্যাল কলেজ দল চ্যাম্পিয়ন ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ রানার্স-আপ হয়। পাশাপাশি অংশগ্রণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র দেওয়া হয়। এছাড়া কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এসএম মুস্তানজিদকে প্রদান করা হয় “আজীবন সম্মাননা পদক”। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। সম্মানিত অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান স্বনামধন্য শিল্পপতি আলহাজ মজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার সাহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক ইত্তেফাক। সঞ্চালনা করেন বিসিএস প্রশাসন একাডেমীর ঢাকাস্থ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
