রাষ্ট্রবিরোধী অপরাধীদের শাস্তি পেতেই হবে : ভূমিমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৭:০৭
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, এদেশে যারা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি পেতেই হবে। মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলেছে তাদের বিচার এ বাংলার মাটিতে হবে। 
 
পাবনার চাটমোহর উপজেলার খৈরাশ গ্রামে শুক্রবার সকালে সোসাইটি ফর সোস্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট-বাংলাদেশ আয়োজিত ৬ মাসের প্রশিক্ষণ শেষে মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
 
মন্ত্রী বলেন, মানুষের সার্বিক মুক্তির জন্য যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তা মানব সৃষ্ট নয়; আল্লাহর সৃষ্টি। সে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। মানুষ দীর্ঘদিন পাঁচটি অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত ছিল। যখনই বঙ্গবন্ধু মানুষের সেই মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার চেষ্টা শুরু করেছিলেন, ঠিক তখনই তাকে হত্যা করা হয়। আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে সরকার সফলতা অর্জন করেছে।
 
মন্ত্রী আরো বলেন, এদেশের মেয়েরা বিচারপতি, পুলিশ, আর্মি সব জায়গায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। নারীরা বেশি দুর্নীতিমুক্ত থাকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্নীতি বন্ধ করেছি। 
 
সোসাইটি ফর সোস্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট-বাংলাদেশ-এর মহাপরিচালক ড. সাঈদ সাবরী রজবের সভাপতিত্বে এ সময় অনদের মধ্যে ভূমিমন্ত্রীর পিএস উপ-সচিব জাকির হোসেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা, পাবনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আ. মোমিন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. হামিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আ. মালেক, এসএসটিএস-বাংলাদেশ এর প্রশাসনিক অ্যান্ড হিসাব কর্মকর্তা সানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।