সংখ্যালঘুর জমি দখল করছে ক্ষমতাসীনরা : সুলতানা কামাল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫৩
ক্ষমতাসীনরা সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
 
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও হামলার বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
এক সংসদ সদস্য ও তার সমর্থকদের দ্বারা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল এবং হামলার বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আসক, এলএলআরডি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ৮টি সংগঠন।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। এতে স্থানীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য  দেন সারা হোসেন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সহসভাপতি তবারক হোসেইন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জিতেন্দ্র চন্দ্র সিংহ, ভাকারাম সিং ও অকুল চন্দ্র সিংও বক্তব্য দেন।
 
সুলতানা কামাল বলেন, ক্ষমতাবানরা বিভিন্নভাবে দুর্বল সংখ্যালঘুদের সম্পত্তি দখল করছে। সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালাচ্ছে। বেশিরভাগ জায়গায় জমি দখলের  ক্ষেত্রে সরকারের ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।