‘যোগ্য নেতৃত্ব, উন্নত দেশ’ গড়ার প্রত্যয়

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:০৬

এবারের জাম্বুরির প্রতিপাদ্য হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব, উন্নত দেশ’। স্কাউটরা জাম্বুরির শিক্ষামূলক

বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে। প্রোগ্রামে অন্তর্ভুক্ত চ্যালেঞ্জগুলো ‘ভেঞ্চার’ নামে পরিচিত। জাম্বুরিতে

মোট ১৪টি ভেঞ্চার ও কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণীয়, উদ্দীপনামূলক, শিক্ষণীয় ও

প্রতিযোগিতামূলক প্রোগ্রাম সাজানো হয়েছে যা ভিলেজ, সাব ক্যাম্প

ও কেন্দ্রীয়ভাবে বাস্তবায়িত হয়

  তারিকুল সুমন

 

স্কুলপড়ুয়া মেয়েরা অনেকটা ‘ঘটি-বাটি’ নিয়ে পুরো সাত দিনের জন্য এসেছেন। এই পুরোটা সময় তারা একদম নিজেদের মতো করে থাকবে। শুধু নিজের মতো থাকাই নয়, এই সাত দিন রান্নাবান্নাসহ সব কাজ নিজেদেরকেই করতে হবে। জীবনে চলার পথে যেসব কাজ অপরিহার্য সেগুলোর প্রায় সবক’টিই হাতেকলমে শিখবে গার্ল ইন স্কাউটের সদস্যরা। রাজধানীর অদূরে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় সপ্তাহব্যাপী ১০ম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরিতে অংশ নিয়েছে স্কাউটের স্কুল শাখার মেয়ে সদস্যরা। এবারের জাম্বুরির প্রতিপাদ্য হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ’। স্কাউটরা জাম্বুরির শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে। প্রোগ্রামে অন্তর্ভুক্ত চ্যালেঞ্জগুলো ‘ভেঞ্চার’ নামে পরিচিত। জাম্বুরিতে মোট ১৪টি ভেঞ্চার ও কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণীয়, উদ্দীপনামূলক, শিক্ষণীয় ও প্রতিযোগিতামূলক প্রোগ্রাম সাজানো হয়েছে যা ভিলেজ, সাব ক্যাম্প ও কেন্দ্রীয়ভাবে বাস্তবায়িত হয়।

ভোরের পাখি এই কার্যক্রমের আওতায় জাম্বুরি চলাকালীন প্রতিদিন প্রত্যুষে নির্ধারিত সময়ে বিপির ছয়টি পিটি, এ্যারোবিকস এবং ইয়োগা আয়োজনের নাম ভোরের পাখি। প্রতিদিন ভোরে দলের সকল স্কাউট সদস্যরা পরিপাটি হয়ে এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ, সবল ও সুন্দরভাবে আত্মপ্রত্যয়ী হয়ে দিন শুরু করার অনুপ্রেরণা পায়। তাঁবু জীবন আনন্দময় ও আরামদায়ক করাই তাঁবু কলা ভেঞ্চারের মূল উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অংশগ্রহণকারীরা তাদের অস্থায়ী আবাসস্থলটি স্কাউট দক্ষতার মাধ্যমে নিজস্ব পরিকল্পনামাফিক পরিপাটি করে সাজিয়ে রাখে। জাম্বুরি-এর অন্যতম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হলো অবস্ট্যাকল। এই ভেঞ্চারে অংশগ্রহণের মাধ্যমের স্কাউটরা সাহসী, উদ্যমী হয়ে উঠে। এখানে স্কাউটরা অনেকগুলো রোমাঞ্চকর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। স্কাউট ও ইউনিট লিডারদের জন্য আনন্দদায়ক, বিনোদনধর্মী, শিক্ষামূলক একটি অ্যাডভেঞ্চার শিক্ষা সফর। নন্দন পার্কে শিক্ষা সফরে প্রায় তিন হাজার স্কাউট সদস্যদের পরিচ্ছন্নতা বিষয়ে শপথ করান ‘ডেটল-হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের দূত চিত্রনায়ক রিয়াজ। স্কাউটদের উপযোগী করে শিক্ষা সফর -এর আয়োজন থাকে এই ভেঞ্চারে। স্কাউটিংয়ে সূচনা থেকে হাইকিং একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জ হিসেবে স্কাউটদের নিকট পরিচিত। উপস্থিত বুদ্ধি, কৌশল ও সাহসের সঙ্গে এই ভেঞ্চার অতিক্রম করতে হয়। হাইকিংয়ে অংশগ্রহণের জন্য ট্র্যাকিং সাইন এবং কম্পাস ব্যবহারের ওপর স্কাউটদেরকে যথেষ্ট অনুশীলন করতে হয়। করি ও শিখি জাম্বুরির অন্যতম একটি আকর্ষণীয় ভেঞ্চার হচ্ছে করি ও শিখি। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে স্কাউটদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য বিষয়ভিত্তিক স্টল সাজানো ও স্কাউটদের জন্য উন্মুক্ত থাকে। ফান এন্ড গেম নির্মল আনন্দ বিনোদন এবং শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা। সেই লক্ষ্যে জাম্বুরির এই ভেঞ্চারকে আকর্ষণীয় করে সাজানো হয়েছে। এক পর্বে রাখা হয় অনেকগুলো হারিয়ে যাওয়া দেশীয় খেলাসমূহ যেমন-মোরগ লড়াই, দাড়িয়াবান্ধা, হা ডু ডু, কানামাছি, গোল্লাছুট, ডাংগুলি, ইচিং-বিচিং, ওপেন টু বায়োস্কোপ ইত্যাদি। পাশের বাড়ী- পাশের বাড়ি হলো জাম্বুরিতে অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দমূলক কার্যক্রম। জাম্বুরি চলাকালীন নির্দিষ্ট সময়ের একটি ইউনিট অন্য একটি ইউনিটের আতিথেয়তা গ্রহণ করে এবং একই সঙ্গে স্কাউটরা সকলের সঙ্গে পরিচিত হয়ে বন্ধুত্ব তৈরিসহ নিজেদের হাতে তৈরি করা উপহার বিনিময় করে। তাঁবু জলসা দিনের কার্যক্রম শেষে স্বতঃস্ফূর্ত আনন্দ উপভোগের মাধ্যমে স্কাউটদের সজিবতা ও প্রাণচাঞ্চল্য ধরে রাখার লক্ষ্যে দলীয় ও নিজস্ব ধ্যান ধারণায় চিত্তবিনোদনের জন্য ক্যাম্প ফায়ার স্কাউটিং অঙ্গনের একটি অবিচ্ছেদ্য অংশ। এগুলোসহ আরও বেশ কয়েকটি আকর্ষণীয় ভেঞ্চারের মাধ্যমে স্কাউটের অন্য সদস্যদের মতো গার্ল ইন স্কাউটের সদস্যরাও জাম্বুরির কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। জাম্বুরিতে এসে অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে পথশিশুদের নিয়ে কাজ করা স্কাউটের ইউনিট টিটিএল ইউনিট প্রধান হাফসা বিনতে সামাদ বলেন, স্কাউট সদস্যদের জন্য জাম্বুরি আমাদের জন্য অত্যন্ত আকাঙ্খিত একটি আয়োজন। আমরা এখানে অনেক বাস্তবমুখী কাজ শিখতে পারি। আমার বিশ্বাস, জাম্বুরি থেকে অর্জিত জ্ঞান আমরা বাস্তব জীবনেও কাজে লাগাতে পারব।

নৌ স্কাউটের গার্ল ইন স্কাউটের সদস্য তামান্না বলেন, এখানে আমাদের সবাইকেই নিজের জীবনঘনিষ্ঠ অনেক কাজ করতে হয়। নেতৃত্বগুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে তৈরি হতে জাম্বুরি অসাধারণ একটি প্ল্যাটর্ফম। মেয়েদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশে গার্ল ইন স্কাউটের ২৫ বছরপূর্তি হয়েছে। ১৯৯৪ সালে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ২১তম সভায় বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়মের সংশোধনীর মাধ্যমে গার্ল ইন স্কাউটিং আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। ১৯৭২ সালে ৫৬ হাজার ৩২৫ জন সদস্য নিয়ে বাংলাদেশ স্কাউটস তার যাত্রা শুরু করেছিল। বর্তমানে বাংলাদেশের স্কাউট সদস্য সংখ্যা প্রায় ১৭ লাখ, আর  গার্ল ইন-স্কাউটিং-এর সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যার ২০%।